বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে দেখা করার সুযোগ সাধারণ ভক্তদের পাশাপাশি ইন্ডাস্ট্রির নবীন তারকাদের কাছেও বিশেষ স্মৃতি হয়ে থাকে। টেলিভিশন অভিনেত্রী হিনা খানের ক্ষেত্রেও তেমনই একটি অভিজ্ঞতা রয়েছে, যার কথা এখনো মনে রেখেছেন তিনি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পিওভি’ পডকাস্টে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের সেই স্মৃতি শেয়ার করেন হিনা। রকি জায়সবাল, রুবিনা দিলায়েক ও অভিনব শুক্ল পরিচালিত ওই পডকাস্টে তিনি জানান, এক ফ্লাইটে হঠাৎ দেখতে পান তার পাশের আসনে বসে আছেন শাহরুখ খান।
প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না হিনা। কারণ, শাহরুখ তখন গভীর ঘুমে ছিলেন। একবার তাকিয়ে শ্বাস নিয়ে আবার পাশে তাকিয়েও নিশ্চিত হওয়ার চেষ্টা করেন তিনি—সত্যিই তার পাশের আসনে ঘুমিয়ে আছেন বলিউডের এই তারকা।
প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি হিনা। কিন্তু শাহরুখের ঘুম ভাঙছিল না। পরে কফি খেতে ঘুম থেকে উঠলে হিনা তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন।
শাহরুখ তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং ছবি তোলার আশ্বাস দেন। কিন্তু কফি শেষ করেই আবার ঘুমিয়ে পড়েন তিনি। এদিকে অপেক্ষা করতে করতে বিমানের অবতরণের সময় ঘনিয়ে আসে। হিনা তখন ধরে নিয়েছিলেন, হয়তো আর ছবি তোলার সুযোগ হবে না।
তবে শেষ মুহূর্তে ঘুম থেকে উঠে শাহরুখ নিজেই হিনাকে ডাকেন। এরপর তাদের ছবি তোলা হয়। হিনার কাছে ঘটনাটি হয়ে আছে শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মরণীয় অভিজ্ঞতা।
জ/উ