লিলের তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে দলে ভিড়িয়ে বড় অঙ্কের চমক দেখাল ম্যানচেস্টার সিটি। ১৮ বছর বয়সী মরক্কোর এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংলিশ জায়ান্টরা।
বুয়াদ্দিকে দলে পেতে শুরুতেই ৮ কোটি ১৪ লাখ পাউন্ড খরচ করছে ম্যানচেস্টার সিটি। পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন শর্ত পূরণ হলে ট্রান্সফার ফির সঙ্গে আরও ৪২ লাখ পাউন্ড যোগ হতে পারে।
এই দলবদলের মাধ্যমে নতুন রেকর্ডও গড়েছেন বুয়াদ্দি। ইংলিশ শীর্ষ লিগের কোনো ক্লাবের ২০ বছরের কম বয়সী খেলোয়াড়কে দলে ভেড়াতে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ট্রান্সফার ফি। এর আগে এই রেকর্ড ছিল রোমিও লাভিয়ার দখলে। ২০২৩ সালে সাউদাম্পটন থেকে চেলসিতে যোগ দেওয়ার সময় তার জন্য ৫ কোটি ৮০ লাখ পাউন্ড খরচ হয়েছিল।
ম্যানচেস্টার সিটিতে ৩২ নম্বর জার্সি পরবেন বুয়াদ্দি। নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আজকের দিনটি আমার ও আমার পরিবারের জন্য সত্যিই বিশেষ। আমার কাছে ম্যানচেস্টার সিটিই বিশ্বের সেরা ক্লাব। এখানে আসতে পারা এবং নিজেকে সিটির খেলোয়াড় বলতে পারা আমার স্বপ্ন ছিল।’
সিটির খেলার ধরনও বুয়াদ্দিকে দারুণভাবে আকৃষ্ট করেছে। তিনি বলেন, আমি বহু বছর ধরে সিটির খেলা দেখেছি। তাদের খেলার ধরন আমার ভীষণ ভালো লাগে। সিটি সবসময় মানসম্পন্ন ফুটবল খেলার চেষ্টা করে। একই সঙ্গে তারা নিজেদের বিজয়ী দল হিসেবেও প্রমাণ করেছে।
২০২৬ বিশ্বকাপেও মরক্কোর হয়ে নজর কেড়েছেন বুয়াদ্দি। দলটির কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ছয় ম্যাচের পাঁচটিতে মূল একাদশে ছিলেন এই মিডফিল্ডার। টুর্নামেন্টে তার পারফরম্যান্স নজর কাড়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর।
২০২৩ সালে লিলের মূল দলে অভিষেকের পর ফরাসি ক্লাবটির হয়ে ৯৬ ম্যাচ খেলেছেন বুয়াদ্দি। গত মৌসুমে লিগ ওয়ানে লিলের তৃতীয় হয়ে মৌসুম শেষ করার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
এবারের গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার সিটির মাঝমাঠে বড় ধরনের পরিবর্তন এসেছে। রদ্রিকে ৬ কোটি ৫০ লাখ পাউন্ডে বার্সেলোনায়, তিজ্জানি রেইন্ডার্সকে ৫ কোটি ২০ লাখ পাউন্ডে আল-কাদসিয়াহতে এবং নিকো গনজালেজকে ৫ কোটি ২০ লাখ পাউন্ডের চুক্তিতে নিউক্যাসলে ছেড়ে দিয়েছে সিটি।
মাঝমাঠে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানোর পর এবার তরুণ প্রতিভা বুয়াদ্দিকে রেকর্ড দামে দলে ভিড়িয়ে ভবিষ্যতের দল গড়ার ইঙ্গিতই দিল ম্যানচেস্টার সিটি।
জ/শা