অভিনেত্রী মেহজাবীন চৌধুরী জানিয়েছেন, আপাতত তাঁর হাতে উল্লেখ করার মতো নতুন কোনো কাজ নেই। তাঁর এমন বক্তব্যের পরই ভক্তদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে—ব্যস্ততার কারণে একসময় নিজেকে আড়ালে রাখা এই অভিনেত্রী কি এখন কাজের ব্যস্ততা থেকে দূরে সরে যাচ্ছেন?
কয়েক বছর আগেও মেহজাবীনের কর্মব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। নাটক, বিজ্ঞাপন ও ওটিটিতে নিয়মিত কাজের পাশাপাশি দেশ-বিদেশে শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। কখনো কাজের কারণে, আবার কখনো নিজের সিদ্ধান্তে কিছুদিন আড়ালে থেকেছেন।
পরবর্তী সময়ে চলচ্চিত্রেও মনোযোগ দেন মেহজাবীন। বিয়ে ও হানিমুনের কারণে কিছুটা বিরতি নিলেও তাঁর অভিনীত ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’ আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রশংসা পায়।
তবে এরপর থেকে তাঁর নতুন কাজের খবর তুলনামূলক কমই সামনে এসেছে। দীর্ঘদিন ধরে নতুন কোনো প্রজেক্টের ঘোষণা না আসায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। আপাতত কাজের বাইরে ব্যক্তিজীবনেই সময় দিচ্ছেন মেহজাবীন বলে মনে করছেন অনেকে।
এ অবস্থায় ভক্তদের প্রশ্ন, একসময় ব্যস্ততার মধ্যেই থাকা মেহজাবীন কি অভিনয়জগতের আলো থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন? তবে ভবিষ্যতে তাঁর নতুন কোনো কাজের পরিকল্পনা রয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
জ/উ