ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়।
অনুষ্ঠানের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, গাড়িতে করে অনুষ্ঠানস্থল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বিজয়কে হাত তুলে অভিবাদন জানাচ্ছেন তৃষা। সান নিউজের প্রকাশ করা ভিডিওটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সামনের সারিতে বসেছিলেন তৃষা। সেখানে কাকতালীয়ভাবে তার পাশে ছিলেন বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর ও মা শোভা চন্দ্রশেখর। তৃষার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা উমা কৃষ্ণানও। এদিন তৃষার পরনে ছিল সাদামাটা কিন্তু মার্জিত সোনালি রঙের শাড়ি। সঙ্গে ছিল হালকা অলংকার এবং চুলে ঐতিহ্যবাহী গজরা।
পতাকা উত্তোলনের পর বক্তব্যে মুখ্যমন্ত্রী বিজয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত তামিল জনগোষ্ঠী ও নতুন প্রজন্মকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্নীতি দূর করাই প্রকৃত স্বাধীনতা অর্জনের সমান। তার সরকার এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সরকারি রাজস্বের অপব্যবহার ঠেকানো এবং বিভিন্ন বিভাগে দুর্নীতি নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
এদিকে বিজয়ের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় ও ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি নানা জল্পনা থাকলেও তৃষা ও বিজয় দুজনেই বরাবর এসব আলোচনা থেকে দূরে থেকেছেন। পর্দায় তাদের জুটি দর্শকদের কাছে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। ‘গিলি’, ‘তিরুপাচি’, ‘আদি’, ‘কুরুভি’ এবং সাম্প্রতিক ব্লকবাস্টার ‘লিও’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। সূত্র: এনডিটিভি
জ/উ