ব্র্যান্ড ভ্যালুতে ভারতের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আন্তর্জাতিক ফিনান্সিয়াল ও বিজনেস কনসাল্টিং প্রতিষ্ঠান ক্রল-এর সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, শাহরুখের বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।
এই অর্জনের মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। ক্রল-এর প্রকাশিত প্রতিবেদনে ভারতের শীর্ষ ২৫ জন তারকার সম্মিলিত ব্র্যান্ড মূল্য ধরা হয়েছে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার (২ বিলিয়ন ডলার)।
গত বছরের তালিকায় শাহরুখ ছিলেন তৃতীয় স্থানে। তখন তার ব্র্যান্ড মূল্য ছিল প্রায় ১৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। মাত্র এক বছরের ব্যবধানে তার ব্র্যান্ড ভ্যালু ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা তার জনপ্রিয়তা ও বাণিজ্যিক গ্রহণযোগ্যতার ধারাবাহিক উত্থানকে আরও শক্তভাবে তুলে ধরে।
গত এক বছরে শাহরুখের এন্ডোর্সমেন্ট তালিকায় যুক্ত হয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার ও ক্যান্ডেরে-এর মতো নতুন ব্র্যান্ড। পাশাপাশি হুন্দাই, মিন্ত্রা ও এয়ারবিএনবি-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি।
এবারের তালিকায় গত বছরের শীর্ষে থাকা বিরাট কোহলি নেমে এসেছেন তৃতীয় স্থানে। তার বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১৫ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। অন্যদিকে ১৬ কোটি ২৯ লাখ মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বলিউড অভিনেতা রণবীর সিং।
এদিকে, শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা কিং-এর কাজ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ বলিউডের একঝাঁক তারকা। ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জ/শা