গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন দাঁড়াইল পশ্চিমপাড়া গ্রামে একটি বাড়িতে আগুনের ঘটনায় শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
দগ্ধ ব্যক্তিরা হলেন ঝালকাঠি জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০), খুলনা জেলার কয়রা থানার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) এবং নরসিংদী সদর থানার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে হঠাৎ একটি কক্ষে আগুন দেখতে পেয়ে বাড়ির অন্য ভাড়াটিয়ারা দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। এ সময় অগ্নিদগ্ধ তিনজনও বের হওয়ার চেষ্টা করতে গিয়ে দগ্ধ হন।
আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধদের কাছের গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা মিঠুন জানান, শিশুসহ দগ্ধ তিনজনকে তাঁদের হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান যুগান্তরকে বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের গুটিয়া মেডিকেল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।