‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো’, প্রশ্ন মেহজাবীনের

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-10-15T18:13:19+06:00
2026-10-15T18:13:19+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো’, প্রশ্ন মেহজাবীনের
বিনোদন ডেস্ক
⏲ ৬:১৩ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তারকাদের চেহারা বসিয়ে তৈরি করা আপত্তিকর ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সামাজিক মাধ্যমের পেজ হ্যাক হওয়ার পর সেখানে প্রকাশিত এসব ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। পরে হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি। তবে এ নিয়ে বিতর্ক থামেনি। এমন পরিস্থিতিতে ছড়িয়ে পড়া ভিডিও এবং সেগুলো প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়, বরং অপরাধ।’

অভিনেত্রীর মতে, একই ধরনের কনটেন্ট যখন শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকেন, তখন বিষয়টি আর শুধু একজনের অপরাধে সীমাবদ্ধ থাকে না; বরং বড় একটি সামাজিক সমস্যার চিত্র সামনে আসে। এ পর্যায়ে সমাজের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

এ ধরনের ডিপফেকের শিকার যদি কারও পরিবারের সদস্য হতেন, তাহলে তাঁরাও কি একইভাবে বিষয়টি দেখতেন-এমন প্রশ্ন তোলার প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটাও আর বলতে ইচ্ছে করে না যে, একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত! কারণ কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?’

সামাজিক মাধ্যমে ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার প্রতিযোগিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন। অনেকের কাছে কনটেন্ট তৈরি জীবিকা নির্বাহের মাধ্যম-এ বাস্তবতা স্বীকার করেও অন্যকে অপমান করে অর্থ উপার্জনের প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।


মেহজাবীনের প্রশ্ন, ‘কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠল?’

তাঁর মতে, জনপ্রিয়তা কিংবা অর্থ আয়ের আশায় অন্যকে অপদস্থ করার প্রবণতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। মানুষ হিসেবে প্রত্যেকেরই সম্মান পাওয়ার অধিকার রয়েছে। কাউকে হেয় করে কিংবা তাঁর পরিচয় ব্যবহার করে আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।

মেহজাবীন আরও উল্লেখ করেছেন, এ সমস্যা এখন শুধু নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট ও ট্রেন্ডিংয়ের প্রতিযোগিতায় ক্ষতিকর কনটেন্ট তৈরির অংশ হতে পারেন যে কেউ, আবার এর শিকারও হতে পারেন যে কেউ।

তবে শুধু এসব কনটেন্ট যাঁরা তৈরি করছেন, তাঁদের নিয়েই উদ্বিগ্ন নন অভিনেত্রী। বরং যাঁরা স্বেচ্ছায় এসব ভিডিও শেয়ার করছেন, আলোচনা করছেন এবং আরও মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তাঁদের ভূমিকাও তাঁকে ভাবিয়ে তুলছে।

পোস্টের শেষাংশে কনটেন্ট শেয়ারকারীদের নিজেদের বিবেক নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন মেহজাবীন। তাঁর ভাষ্য, ‘একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।’

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত