ঢালিউডের অভিনেত্রী পূজা চেরির নতুন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। ছবিগুলোর আকর্ষণ শুধু অভিনেত্রীর উপস্থিতিতে নয়, পোষা বিড়ালদের সঙ্গে তার মায়াময় মুহূর্ত এবং ছবির সঙ্গে দেওয়া বিশেষ বার্তাতেও।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন পূজা চেরি। ছবিগুলোতে ঘরের পরিবেশে ধূসর রঙের পোশাকে দেখা যায় তাকে। কখনো কাঁধে, কখনো কোলে পোষা বিড়াল নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। কোনো ছবিতে আবার বিড়ালকে আদর করতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।
একটি ছবিতে ছোট্ট সাদা-বাদামি রঙের বিড়ালকে কাঁধে নিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন পূজা। অন্য একটি ছবিতে ধূসর-সাদা রঙের বিড়ালকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায় তাকে। আরও একটি ছবিতে বাদামি-সাদা রঙের বিড়ালের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে অভিনেত্রীকে।
ছবিগুলোর সঙ্গে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন পূজা। তিনি লিখেছেন, ‘পৃথিবী নিষ্ঠুর হতে পারে, তাই আমি নিজের ভেতর কিছুটা কোমলতা ধরে রাখার পথ বেছে নিয়েছি।’
পূজার এই বক্তব্যের সঙ্গে ছবিগুলোর দৃশ্যও যেন এক ধরনের সংযোগ তৈরি করেছে। ব্যস্ততার বাইরে প্রাণীদের সঙ্গে সময় কাটানোর এসব মুহূর্তে তার ব্যক্তিগত জীবনের একটি ভিন্ন দিকও সামনে এসেছে। পোস্টটি প্রকাশের পর ভক্ত ও অনুসারীদের অনেকেই তার প্রশংসা করেছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় পূজা চেরি। কাজের খবরের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তও সেখানে ভাগ করে নেন তিনি। সম্প্রতি তার বাগদান ও বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরি পরবর্তী সময়ে নায়িকা হিসেবে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তার হাতে থাকা কাজগুলোর মধ্যে রয়েছে ‘টগর’, ‘আগুন্তক’ ও ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’-এর মতো সিনেমা।
জ/উ