বাংলাদেশ অন্য কোনো দেশের ভূরাজনৈতিক প্রতিযোগিতার ‘দাবার বোর্ড’ হতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে, যেখানে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাই অন্য কোনো খেলোয়াড়ের স্বার্থে ব্যবহৃত হওয়ার পরিবর্তে নিজেদের শর্তে বিশ্বের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা।
আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ মাথা উঁচু রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্ব করতে প্রস্তুত। তবে আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি বলেন, ‘আমরা অন্য খেলোয়াড়দের খেলার জন্য দাবার বোর্ড হতে চাই না। আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।
উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতিতে বাংলাদেশের চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তখন দুটি বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছিল। এর একটি ছিল অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং অন্যটি উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
জ্বালানি সংকট মোকাবিলায় বৈচিত্র্যকরণ, নতুন উৎস ও নতুন ক্ষেত্রের দিকে নজর দেওয়ার কথা জানান তিনি। শামা ওবায়েদ বলেন, দেশে নিজস্ব গ্যাস ও এলএনজির উৎস রয়েছে, যেগুলো এর আগে বা বিগত সরকারের সময়ে অনুসন্ধান করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যে এসব উৎসের অনুসন্ধান শুরু করেছে বলেও জানান তিনি।
এ ছাড়া সৌরবিদ্যুতের দিকেও নজর দেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি নাগরিককে জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। এরই মধ্যে এটি দেশের অর্থনীতির ওপর একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সবসময় এ বিষয়ে সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ তার অংশীদার, বন্ধু, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করা হচ্ছে।
‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জ/উ