জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও বিএনপি এটিকে ক্ষমতা হিসেবে দেখে না, বরং দায়িত্ব হিসেবে মনে করে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের জনগণের বিভিন্ন দুঃসময়ে বিএনপি সবসময় তাদের পাশে থেকেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও দলটি কার্যকর ভূমিকা পালন করেছে। জনগণের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই দেশের মানুষ বারবার বিএনপিকে সমর্থন ও সম্মান জানিয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গত ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ আবারও বিএনপির প্রতি আস্থা রেখে দলটিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। জনগণের সমর্থনে বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তিনি বলেন, ‘এটা ক্ষমতা না, এটা দায়িত্ব। বিএনপি ক্ষমতা মনে করে না, মনে করে দায়িত্ব।’
বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থনীতি যখনই বিপন্ন হয়েছে, তখন জনগণের কল্যাণে তা পুনরুদ্ধার ও উন্নত করার দায়িত্বও বিএনপি পালন করেছে। বর্তমান সরকারও দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, দেশের সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচির মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের কল্যাণ। জনগণের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত না হলে কোনো রাজনৈতিক দল, সরকার কিংবা বিরোধী দলের কর্মকাণ্ডেরই কোনো অর্থ থাকে না।
নজরুল ইসলাম খান বলেন, দেশের গণতন্ত্র সুসংহত করা, অর্থনৈতিক উন্নতি সাধন, জনগণের প্রয়োজন মেটানো এবং তাদের কষ্ট দূর করার কাজ সহজ নয়। এসব লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের আরও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে তাদেরও দায়িত্ব রয়েছে। দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে কিংবা সন্ত্রাস ও অপরাধে জড়িত হবে, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে এবং গণতান্ত্রিক প্রতিরোধ তৈরি করতে হবে।
এদিকে সন্ত্রাস, অপরাধ ও দুষ্কৃতির বিরুদ্ধে আগামী দিনগুলোতেও আন্দোলনের মাঠে থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান।
সমাবেশে মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জ/উ