ঘরেই তৈরি করে নিতে পারবেন ৪ ধরনের মসলা

লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-09-23T20:41:17+06:00
2026-09-23T20:41:17+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
ঘরেই তৈরি করে নিতে পারবেন ৪ ধরনের মসলা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪১ পিএম 
সংগৃহীত ছবি
রান্নার স্বাদ ও ঘ্রাণ অনেকটাই নির্ভর করে সঠিক মসলার ব্যবহারের ওপর। বিরিয়ানি, সবজি কিংবা ডালের মতো বিভিন্ন পদে অনেকে বাজারের প্যাকেটজাত মসলার মিশ্রণ ব্যবহার করেন। তবে প্যাকেট খোলার পর দীর্ঘদিন রেখে দিলে এসব মসলার সুগন্ধ কমে যেতে পারে। আবার আর্দ্রতার সংস্পর্শে এলে নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে।

এ কারণে অনেকেই রান্নাঘরে থাকা গোটা মসলা দিয়ে প্রয়োজনমতো মসলা তৈরি করে নিতে পছন্দ করেন। ঘরে তৈরি মসলার অন্যতম সুবিধা হলো-উপকরণের মান ও সতেজতা নিজের মতো করে নিশ্চিত করা যায়। পাশাপাশি একবার তৈরি করে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করলে পরবর্তী সময়ে প্রয়োজনমতো ব্যবহার করা সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক, ঘরেই কীভাবে তৈরি করবেন চার ধরনের মসলার মিশ্রণ।

১. গরম মসলা
উপকরণ: ২ টেবিল চামচ ধনিয়া, ১ টেবিল চামচ জিরা, ১ চা চামচ গোলমরিচ, ৪-৫টি ছোট এলাচ, ২টি কালো এলাচ, ১ ইঞ্চি দারুচিনি, ৪-৫টি লবঙ্গ ও ১টি তেজপাতা।

যেভাবে তৈরি করবেন: সব মসলা কম আঁচে ২-৩ মিনিট শুকনো ভেজে নিন। মসলা থেকে সুগন্ধ বের হলে চুলা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা হতে দিন। এরপর ভাজা মসলাগুলো মিহি করে গুঁড়া করে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।

২. চাট মসলা
উপকরণ: ২ টেবিল চামচ জিরা, ১ টেবিল চামচ ধনিয়া, ১ টেবিল চামচ ব্ল্যাক সল্ট, ১ চা চামচ সাধারণ লবণ, ১ চা চামচ গোলমরিচ, ১ চা চামচ শুকনো আমের গুঁড়া (আমচুর) ও আধা চা চামচ আদার গুঁড়া।

যেভাবে তৈরি করবেন: প্রথমে জিরা ও ধনিয়া হালকা আঁচে শুকনো ভেজে নিন। সুগন্ধ বের হলে নামিয়ে ঠান্ডা করুন। এরপর এগুলো গুঁড়া করে ব্ল্যাক সল্ট, সাধারণ লবণ, আমচুর ও আদার গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। তৈরি মসলা শুকনো একটি জারে সংরক্ষণ করুন।

৩. সবজি মসলা
উপকরণ: ২ টেবিল চামচ ধনিয়া, ১ টেবিল চামচ জিরা, ১ চা চামচ মৌরি, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ গোলমরিচ, ৪টি লবঙ্গ ও ১ ইঞ্চি দারুচিনি।

যেভাবে তৈরি করবেন: আস্ত মসলাগুলো প্যানে নিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর পুরোপুরি ঠান্ডা করে মিহি গুঁড়া করুন। এবার এর সঙ্গে হলুদ গুঁড়া ও শুকনো মরিচের গুঁড়া মিশিয়ে নিন। তৈরি মসলা পরিষ্কার কাচের জারে সংরক্ষণ করুন।

৪. বিরিয়ানি মসলা
উপকরণ: ২ টেবিল চামচ ধনিয়া, ১ টেবিল চামচ জিরা, ১ টেবিল চামচ গোলমরিচ, ২টি কালো এলাচ, ৫টি ছোট এলাচ, ৬টি লবঙ্গ, ১ ইঞ্চি দারুচিনি, ১টি স্টার অ্যানাইস, ১টি তেজপাতা ও ১ চা চামচ জয়ত্রী।

যেভাবে তৈরি করবেন: সব গোটা মসলা কম আঁচে শুকনো ভেজে নিন। মসলা থেকে ভালোভাবে সুগন্ধ বের হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এরপর মিহি করে গুঁড়া করে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। বিরিয়ানি রান্নার সময় প্রয়োজন অনুযায়ী এই মসলা ব্যবহার করতে পারবেন।

ঘরে টাটকা গুঁড়া করা মসলা রান্নায় বাড়তি স্বাদ ও সুগন্ধ যোগ করতে পারে। পাশাপাশি প্রয়োজনমতো মসলা তৈরি ও সংরক্ষণ করে রাখলে প্রতিদিনের রান্নায় সহজেই ব্যবহার করা সম্ভব।

জ/উ






Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]