বরগুনার বামনা উপজেলার চাড়াখালী ফায়ার সার্ভিস এলাকার সামনে বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় মিলেছে। শিশুটির মায়ের পরিচয়ও পাওয়া গেছে বলে জানা গেছে।
গত ২৪ আগস্ট বামনা ফায়ার সার্ভিস এলাকার সামনে একটি বাজারের ব্যাগে শিশুটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। পরে শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ঘটনাটি জানাজানি হলে শিশুটির পরিচয় ও পিতৃপরিচয় নিয়ে ভিবিন্ন আলোচনায় মেতে উঠেন এলাকাবাসী।
জানা গেছে, শিশুটির মা শাহিনুর বেগম, বামনা উপজেলার পশ্চিম শফিপুর এলাকার এক ওমান প্রবাসীর স্ত্রী।
শাহিনুর বেগমের দাবি, প্রতিবেশী চাড়াখালী এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে জাকিরের সঙ্গে তার এক বছরের বেশি সময় ধরে সম্পর্ক ছিল। তিনি দাবি করেন, সন্তান গর্ভে আসার পর জাকির পিতৃত্ব অস্বীকার করেন। সামাজিক মর্যাদা ও ভয়ভীতির কারণে সন্তান জন্মের পর ভোর ৪টার সময় শিশুটিকে ফায়ার সার্ভিসের সামনে একটি বাজারের ব্যাগে রেখে যান বলেও দাবি করেন তিনি।
তবে শাহিনুর বেগমের এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকির। তার দাবি, শিশুটির বাবা তিনি নন এবং শাহিনুরের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির প্রকৃত পিতৃপরিচয় নিশ্চিত করতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বামনা থানার ওসি ফারুক হোসেন জানান, শিশুটির পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রয়োজনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব নিশ্চিত করা হবে।
জ/রা