জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ফ্রান্স বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক গন্তব্য। ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় ককাস গঠনের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে ফ্রান্সের একটি সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাদের সঙ্গে আলোচনায় স্পিকার এসব কথা বলেন।
সাক্ষাৎকালে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিগত ১৫ বছরের আওয়ামী স্বৈরাচারী শাসনে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছিল। বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয় এবং তারা কখনো স্বৈরাচারী শাসনের কাছে নিজেদের বশ্যতা স্বীকার করেনি।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা সমুন্নত রেখেছে। এ সময় মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের নাগরিক আন্দ্রে মারলোর ভূমিকার প্রশংসা করেন স্পিকার এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
আলোচনায় ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দল ফ্রান্স-বাংলাদেশ সংসদীয় কমিটি গঠন, মৈত্রী গ্রুপের মাধ্যমে সংসদীয় কূটনীতির পরিধি বাড়ানো এবং দুই দেশের অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে। এ ক্ষেত্রে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাসের কূপ অনুসন্ধান ও খননের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে ফ্রান্সের সিনেটের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠানে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা, ফরাসি দূতাবাসের কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ