ঢাকার মেগা প্রকল্পে যানজট কমাতে ১৫ দিন পরপর সমন্বয় সভা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-15T17:55:06+06:00
2026-09-15T17:55:06+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
ঢাকার মেগা প্রকল্পে যানজট কমাতে ১৫ দিন পরপর সমন্বয় সভা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা মহানগরীতে চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পের নির্মাণকাজ ঘিরে সৃষ্ট যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের নিয়ে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘ঢাকা মহানগরীতে চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পগুলোর নির্মাণকাজের কারণে উদ্ভূত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থা ও অংশীজনদের সমন্বয়ে অনুষ্ঠিত সভা’ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহর ও আশপাশের এলাকার উন্নয়নমূলক কাজগুলো যেন সমন্বিতভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষকে নিয়ে এ সভা করা হয়েছে। একটি সংস্থা কাজ শেষ করার পর একই স্থানে অন্য কোনো সংস্থা যাতে আবার খোঁড়াখুঁড়ি না করে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য নগরবাসীকে স্বস্তি দেওয়া, মানুষের ভোগান্তি কমানো এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় ঠেকানো। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়ক খোঁড়াখুঁড়ির প্রবণতা বেড়ে যায়। এ কারণে আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে একই সময়ে ইউটিলিটি শিফটিংসহ অন্যান্য নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, চলমান এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা, ডেসাসহ বিভিন্ন সংস্থার মেগা প্রকল্পের কাজ তদারকিতে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। সার্বিক অগ্রগতি পর্যালোচনায় প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা হবে। প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা পর্যায়ের সাব-কমিটির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগও রাখা হবে।

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে যান চলাচলে দৃশ্যমান শৃঙ্খলা এসেছে এবং নগরবাসী এর সুফল পাচ্ছেন। একই সঙ্গে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে ইউটিলিটি শিফটিংয়ের কাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর ওপর যানবাহনের চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এরই মধ্যে জমি অধিগ্রহণ ও সার্বিক পরিকল্পনার কাজ চলছে। স্থানান্তরের আগ পর্যন্ত শহরের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে কিছু অন্তর্বর্তীকালীন নির্দেশনাও দেওয়া হয়েছে।

ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, মূল সড়কে থ্রি-হুইলার বা ছোট যানবাহনের চলাচল শৃঙ্খলাবহির্ভূত। ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি নীতিমালার আওতায় আনার প্রক্রিয়া চলছে। তবে আকস্মিকভাবে কাউকে পুরোপুরি বেকার না করে পর্যায়ক্রমে এসব যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন পিলারে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে গড়ে ওঠা চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধে সরকার ইতোমধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে। এরই মধ্যে অসংখ্য অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি নিয়ে নির্বাচন কমিশনের ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন যে সম্ভাব্য সূচি প্রকাশ করেছে, সেটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয় সভায় সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে। ওই মতামতের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী শক্তির দুষ্কৃতকারীরা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়ে সাময়িক আতঙ্ক তৈরির চেষ্টা করছে। গুলশান ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]