দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৭৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন এবং বরিশাল বিভাগে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ৭২ জন। এছাড়া খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।
জ/শা