রোগী ও চিকিৎসক-উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৪৮তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের যোগদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি মানুষ যাতে তার ন্যায্য অধিকার পায়, তা নিশ্চিত করার ক্ষেত্রে চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার চিকিৎসকদের পাশে থাকবে বলেও জানান তিনি।
চিকিৎসকেরা মবের শিকার হচ্ছেন-এমন প্রসঙ্গে ডা. এম এ মুহিত বলেন, গত দুই থেকে আড়াই বছরে জনগণ যে ধরনের অবিচারের শিকার হয়েছে, চিকিৎসকদের ওপর হামলা বা মবের ঘটনাকে তারই বহিঃপ্রকাশ হিসেবে দেখা যায়। তবে পরিস্থিতি সংশোধনে কাজ চলছে বলেও জানান তিনি।
জ/উ