নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তবে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সরকার তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলার প্রসঙ্গ তুলে খলিলুর রহমান বলেন, নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রীর কাছে সহমর্মিতা ও শোক জানিয়েছেন। একই সঙ্গে নেপালকে সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, টেলিফোনে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, তারা এখনো দুর্যোগে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী ধরনের সহায়তা প্রয়োজন, তা পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে আজ সন্ধ্যা অথবা আগামীকালের মধ্যে জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।
খলিলুর রহমান বলেন, ‘কোনো বাংলাদেশি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানতে চেয়েছি। যদি হয়ে থাকে, তাহলে যেন আমাদের জানানো হয়। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব। যে অবস্থায় তারা রয়েছেন, তাদের ফেরত আনব। আমরা প্রস্তুত রয়েছি।’
সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশি কোনো নাগরিকের নাম পাওয়া যায়নি। তবে কোনো বাংলাদেশির সন্ধান পাওয়া গেলে-তিনি জীবিত বা মৃত যে অবস্থাতেই থাকুন-নেপাল সরকারের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার প্রস্তুত রয়েছে।
জ/উ