জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-23T12:09:08+06:00
2026-08-23T12:09:08+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, সমন্বয় করবে মন্ত্রণালয় : আন্দালিব রহমান পার্থ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:০৯ পিএম 
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, সরকারের কাজ জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা এবং মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। আজ রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার অফিস করে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছান আন্দালিব রহমান পার্থ। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

আন্দালিব রহমান পার্থ বলেন, সরকারের ভালো কাজগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দিতে হবে। দেশের সংস্কৃতি, মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার দায়িত্বও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের একটি কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে, তবে নৈতিকতার জায়গা থেকে সরকার শক্ত অবস্থানে রয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো দেশের সেবা করা এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। গত ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই হয়েছে, সেখানে সংবাদমাধ্যমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নানা ধরনের নিয়ন্ত্রণ ও চাপের মধ্যেও সংবাদমাধ্যমের মাধ্যমে সরকারের ব্যর্থতা, অনিয়ম, নির্যাতন ও গণতন্ত্রের কণ্ঠরোধের নানা তথ্য মানুষ জানতে পেরেছে বলে মন্তব্য করেন পার্থ। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাজ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়; বরং প্রয়োজনীয় ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণের পথে যাওয়া না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা মেরামত করে নতুন ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে। বিচার বিভাগ, রাজনীতি, সংসদ, বিভিন্ন সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের নানা ক্ষেত্রে তৈরি হওয়া নৈতিক অবক্ষয় কাটিয়ে উঠতে হবে। পাশাপাশি অতীতের ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেটিও নিশ্চিত করতে হবে।

একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নকে সামনে রেখে কাজ করার আহ্বান জানিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, জনগণের স্বার্থ রক্ষা, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো মেরামত এবং নতুন ব্যবস্থা গড়ে তোলাকে গুরুত্ব দিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় খেয়াল রাখতে হবে, সরকারের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন অন্যায় না হয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, নিজ নিজ ক্ষেত্রে তারা তার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চান তিনি। সরকারের সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং জনগণের স্বার্থ রক্ষা করাই সবার মূল দায়িত্ব বলেও উল্লেখ করেন মন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। সরকারের বার্তা জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সরকারের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও সৃজনশীল হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একই সঙ্গে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য মোকাবিলা করাও বড় চ্যালেঞ্জ। নতুন মন্ত্রী হিসেবে আন্দালিব রহমান পার্থকে এ দায়িত্বের জন্য সঠিক ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে এবং এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অতীতে অনেক সিদ্ধান্ত নেওয়ার পরও তা বাস্তবায়নে দেরি হয়েছে উল্লেখ করে তিনি এখন থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও তা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনসহ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দ্রুত আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো ও ডিজিটাল সক্ষমতা বাড়ানো গেলে মন্ত্রণালয়ের কার্যক্রমের মান ও সুনাম বাড়বে। একই সঙ্গে সরকারের কর্মকাণ্ডও জনগণের কাছে আরও সুন্দরভাবে তুলে ধরা সম্ভব হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]