জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-08-20T10:14:16+06:00
2026-08-20T10:14:16+06:00
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Advertisement
শিক্ষা
দেশের ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু করবে ইউজিসি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:১৪ এএম 
আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বাড়াতে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে এসব বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গতকাল বুধবার (১৯ আগস্ট) ইউজিসি কার্যালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত এক সভায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এ তথ্য জানান। পরে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় ভাষা শিক্ষা কর্মসূচিতে আরবি, চীনা, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান, স্প্যানিশ ও ইতালীয়—এই আটটি ভাষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে আরবি, জাপানি, কোরীয়, চীনা ও ইতালীয় ভাষাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

তবে কোন বিশ্ববিদ্যালয়ে কোন ভাষার কোর্স চালু করা হবে, তা সংশ্লিষ্ট এলাকার চাহিদা, বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা, প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধা বিবেচনা করে চূড়ান্ত করা হবে।

ইউজিসি জানিয়েছে, দেশের আট বিভাগের সব অঞ্চলকে কর্মসূচির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভাষা নির্ধারণ, প্রয়োজনীয় সম্পদ, জনবল ও অবস্থান নির্ধারণের জন্য গঠিত কমিটি পুনর্গঠন করা হয়েছে।

সভায় জানানো হয়, বর্তমানে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক ১৩টি ভাষা শেখার সুযোগ রয়েছে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশের কোনো অঞ্চল যাতে এ উদ্যোগের বাইরে না থাকে, সেজন্য বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভাষা নির্ধারণ, প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো এবং অবস্থান নির্ধারণে কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার জনশক্তির চাহিদা, স্থানীয় মানুষের আগ্রহ, বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও বিদ্যমান অবকাঠামো বিবেচনায় নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে কোন ভাষা চালু হবে, তা নির্ধারণ করা হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, সরকারের অগ্রাধিকার ও ভবিষ্যৎ কর্মবাজারের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি আটটি ভাষা শেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগের সক্ষমতাও বাড়বে। একই সঙ্গে দেশে ও বিদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

প্রাথমিক পর্যায়ে ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাষা শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা অথবা বিদ্যমান কেন্দ্রগুলোর সক্ষমতা ও অবকাঠামো আধুনিকায়ন করা হবে বলে জানান ইউজিসি চেয়ারম্যান।

বিদ্যমান ভাষা শিক্ষা কেন্দ্রগুলোর সক্ষমতা, চালু থাকা কোর্স, প্রশিক্ষক ও জনবল কাঠামো এবং অবকাঠামোগত সুবিধা পর্যালোচনা করা হবে। পাশাপাশি কোথায় নতুন ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন প্রয়োজন, সেটিও নির্ধারণ করবে কমিশন।

সভায় তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য দক্ষ ও প্রশিক্ষিত প্রশিক্ষক তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রশিক্ষক দল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোর অভিজ্ঞ ভাষা বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠানের সহযোগিতাও নেওয়া হবে।

সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন, অধ্যাপক মো. মেহেদী হাসান খান, অধ্যাপক মো. আসলাম হোসেন, অধ্যাপক নিয়াজ আহমেদ এবং ইউজিসি সচিবালয়ের সচিব মো. ফখরুল ইসলাম।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]