জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-08-15T13:49:14+06:00
2026-08-15T13:49:14+06:00
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Advertisement
শিক্ষা
ডিগ্রির ভর্তি আবেদন শুরু রোববার, ক্লাস ৫ অক্টোবর
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৪৯ পিএম 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী রবিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায়। আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৫ অক্টোবর থেকে।

আজ শনিবার (১৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল শাখার ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা তৈরি করা হবে। একই মেধা নম্বর হলে এসএসসি ও এইচএসসির জিপিএ ৪০:৬০ অনুপাতে এবং প্রয়োজন হলে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।

এরপরও মেধাক্রমে সমতা থাকলে কম বয়সী শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, কোটার মেধা তালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদনের সুযোগ থাকছে না।

যারা আবেদন করতে পারবেন
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী সরাসরি ডিন অফিসে অথবা ই-মেইলে আবেদন করতে হবে।

তবে যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে-২০২৪-২৫ ও ২০২৫-২৬-স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল অথবা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তারা এ শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে আগের ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করা যাবে।

একই সঙ্গে কোনো শিক্ষার্থীর দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি ও নিশ্চয়ন
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক আবেদন ফরমসহ আবেদন ফি হিসেবে ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি এ ফি নেওয়া যাবে। পরে কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে নির্ধারিত ফি জমা দেবে।

কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে আবেদন নিশ্চয়ন করবে। তবে কলেজ কর্তৃক নিশ্চয়ন না হলে কোনো আবেদনকারীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

যেভাবে আবেদন করতে হবে
আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘Applicant Login’ অপশনের ‘Degree Pass’-এ ক্লিক করতে হবে। এরপর বাম পাশের ‘Apply Now’ বাটনে ক্লিক করে এসএসসি ও এইচএসসির রোল নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। এ সময় আবেদনকারীর নামসহ অন্যান্য তথ্য ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

এরপর বিভাগ ও জেলা ভিত্তিক ‘College Selection Option’ থেকে পছন্দের কলেজ নির্বাচন করতে হবে। নির্বাচিত কলেজে সংশ্লিষ্ট বিষয়ে শূন্য আসনের তালিকা দেখা যাবে। সেখান থেকে আবেদনকারীর ভর্তি-যোগ্য (Eligible) বিষয়গুলোর পছন্দক্রম নির্ধারণ করতে হবে।

আবেদনকারী সর্বোচ্চ পাঁচটি কলেজে বিষয় এন্ট্রি দিয়ে ফরম পূরণ করতে পারবেন। আবেদন শেষে ফরম ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট করতে হবে অথবা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। এরপর ফরমটি সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ফি প্রদান করতে হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]