জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-18T12:17:26+06:00
2026-08-18T12:17:26+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:১৭ পিএম 
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিক উপায়ে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে দেশে ফেরেন তারা। পরে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশে ফেরা ১৭৪ জনের মধ্যে তিনজন নারী, একজন শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন।

জানা গেছে, উন্নত জীবনের আশায় এসব বাংলাদেশি অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। সমুদ্রপথে যাত্রার সময় তাদের উদ্ধার বা আটক করা হয়। এরপর দীর্ঘদিন লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি অবস্থায় থাকতে হয় তাদের। সেখানে তারা মানবেতর পরিবেশে দিন কাটিয়েছেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করে আসছে দূতাবাস। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং আইওএমের সার্বিক সহযোগিতায় সর্বশেষ ১৭৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, বেনগাজীর গ্যানফুদা এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিয়মিত সাক্ষাৎকার নেওয়া, পরিচয় যাচাই এবং প্রত্যাবাসনের প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কেন্দ্রে বর্তমানে অবস্থানরত অন্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এর আগে একই পরিস্থিতিতে লিবিয়ায় আটক ৩৪০ বাংলাদেশি গত ৭ আগস্ট দেশে ফেরেন। সর্বশেষ ১৭৪ জনকে নিয়ে চলতি আগস্ট মাসে লিবিয়া থেকে মোট ৫১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।

এদিকে, বাংলাদেশ দূতাবাস প্রবাসী হতে আগ্রহীদের দালাল ও মানব পাচারকারীদের প্রলোভনে না পড়ার আহ্বান জানিয়েছে। বিদেশে কর্মসংস্থান ও অভিবাসনের ক্ষেত্রে সরকারি অনুমোদিত এবং আইনসম্মত পদ্ধতি অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]