সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তি করে ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার বিচারপতি।
এর ফলে সব মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে খায়রুল হকের মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
আজ সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে বনানী থানার হত্যা চেষ্টা মামলায় খায়রুল হকের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হয়।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মোতাহার হোসেন সাজু। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দেন আদালত। ফলে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে।
এর আগে গত ১০ আগস্ট বনানী থানার হত্যা চেষ্টা মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
এর আগে গত ২ জুলাই যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায়ও খায়রুল হকের জামিন বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোয়াইব নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে বনানী থানার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ছাড়া আরও সাতটি মামলায় আগেই জামিন পেয়েছিলেন সাবেক এই প্রধান বিচারপতি। বনানী ও যাত্রাবাড়ী থানার মামলাসহ সব মামলায় জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
জ/শা