নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে। এ সময় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৬৪০গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, বিক্রির জন্য বাড়ীতে মাদক মজুদ রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের সাহেবগঞ্জ পালপাড়া এলাকায় শ্রী কালিচরন চন্দ্র পাল (৭৫) এর বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ী তল্লাশী করে ৬৪০গ্রাম গাঁজাসহ কালিচরন, তার ছেলে বিদ্যুৎ পাল (৪০) ও জীবন পাল (৩২) কে আটক করা হয়। এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। কর্মকর্তা আরো জানান, বাবা-ছেলেরা মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
এ ছাড়া আদালতের দেয়া পরোয়ানা অনুযায়ী গতকাল শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পারকাসুন্দা গ্রামের আমজাদ আলীর ছেলে শহিদুল ইসলাম, কাসুন্দা গ্রামের জমির উদ্দীনের ছেলে মনির উদ্দীন, নবাবের তাম্বু গ্রামের কবেজ সাখিদারের ছেলে ছামছুর রহমান, বান্দাইখাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে কামরুল হাসান ও শিমুলিয়া গ্রামের হেলাল উদ্দীনের স্ত্রী মনোয়ারা বিবিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।