রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান চিহ্নিত করা সমস্যা ও ত্রুটি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।
গতকাল রোববার (২ আগস্ট) বিকেলে ডিএনসিসির প্রশাসকের সভাকক্ষে বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহীদের নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রশাসক জানান, গত ৩০ ও ৩১ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সার্বিক নগর ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়।
তিনি বলেন, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা, এয়ারপোর্ট সড়ক, কাকলী, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুর, শ্যামলী, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত ও বনানীসহ বিভিন্ন এলাকার বিদ্যমান সমস্যা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী চিহ্নিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নগরবাসী আরও উন্নত ও কার্যকর সেবা পায়।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
জ/উ