কলকাতার অভিনেত্রী ইধিকা পাল ‘প্রিয়তমা’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক পরিচিতি পান। একই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়া এই অভিনেত্রী বর্তমানে চলচ্চিত্র নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। এর মধ্যেই তাকে ঘিরে ছোটপর্দায় ফেরার গুঞ্জন জোরালো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন মহালয়া উপলক্ষে একটি শীর্ষস্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেলের ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে দেবী দুর্গার রূপে দেখা যেতে পারে ইধিকা পালকে। যদিও বিষয়টি নিয়ে অভিনেত্রী বা সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে প্রকল্পটি নিয়ে প্রাথমিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ছোটপর্দা থেকে বড়পর্দায় দ্রুত জনপ্রিয়তা পাওয়া ইধিকার অভিনয়জীবনে টেলিভিশনের প্রতি আলাদা টান রয়েছে বলেও জানা গেছে। তবে ব্যস্ততার কারণে আপাতত কোনো ধারাবাহিক নাটকে অভিনয়ের পরিকল্পনা নেই তার।
এদিকে মহালয়ার সম্ভাব্য আয়োজনের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন ইধিকা। একই সঙ্গে ‘দেশু ৭’ সিনেমার একটি গানেও তাকে দেখা যাবে। তবে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। ফলে মহালয়ার বিশেষ আয়োজনে সত্যিই দেবী দুর্গার রূপে ইধিকাকে দেখা যাবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।
জ/উ