দেশে জুলাই মাসজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ ৩৬ জনের মৃত্যু এবং ৯ হাজার ২০৬ জনের আক্রান্তের ঘটনা ঘটেছে জুলাইতেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সামনের মাসগুলোতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে মোট ১৫ হাজার ৩১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জুলাই মাসেই সর্বোচ্চ ৯ হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর আগে জুনে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন এবং মে মাসে ৭১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।
মৃত্যুর হিসাবেও জুলাই সবচেয়ে ভয়াবহ মাস। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন ডেঙ্গুতে মারা গেছেন। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বর্ষা মৌসুম অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে।
জ/শা