সফল বাস্তবায়নেই বাজেটের সার্থকতা: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

অর্থনীতি

2026-07-23T18:06:56+06:00
2026-07-23T18:06:56+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অর্থনীতি
সফল বাস্তবায়নেই বাজেটের সার্থকতা: অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:০৬ পিএম 
সফল বাস্তবায়নেই বাজেটের সার্থকতা: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাম্প্রতিক জাতীয় বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর। অর্থ বিভাগের কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাজেট বাস্তবায়ন সফল হবে বলে তিনি আশাবাদী। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

অর্থমন্ত্রী বলেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত বাজেটটি দেশের বিভিন্ন মহলে ইতিবাচক সাড়া পেয়েছে। তবে একটি ভালো বাজেটের প্রকৃত মূল্যায়ন নির্ভর করে তার সফল বাস্তবায়নের ওপর।

তিনি সরকারি কাজের ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তাভাবনা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে প্রচলিত ধারা থেকে বেরিয়ে নতুন ধারণা নিয়ে কাজ করতে হবে। কর্মকর্তাদের মুক্তভাবে মতামত দেওয়ার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানোরও আহ্বান জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, কেবল সমস্যা তুলে ধরাই নয়, বরং সম্ভাব্য সমাধান ও নতুন ধারণা উপস্থাপনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। অর্থ বিভাগের বিভিন্ন অনুবিভাগ থেকে সঠিক ও বস্তুনিষ্ঠ মতামত এলে নীতিনির্ধারণ আরও কার্যকর হবে।

তিনি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় অর্থ বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে জাতীয় স্বার্থে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এদিকে সচিবালয়ে কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় উন্নয়নসংক্রান্ত বিদ্যমান ৫০ ও ৫০০ মিটারের বিধিনিষেধ পুনর্বিবেচনার বিষয়েও কাজ চলছে।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করেই পর্যটন অবকাঠামোর উন্নয়ন করা হবে। আন্তর্জাতিক বিমানবন্দর, রেল ও উন্নত সড়ক যোগাযোগসহ চলমান অবকাঠামো উন্নয়নের সঙ্গে সমন্বয় করে কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরীতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্যে কক্সবাজারকে অন্যতম প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যটন, বাণিজ্য ও সেবাখাতের বিকাশের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে জেলার অবদান আরও বাড়বে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]