নারী এশিয়া কাপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানো বাংলাদেশ দল আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে। ‘বি’ গ্রুপের ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
টুর্নামেন্টে খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেছিলেন, ভালোভাবেই প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা এবং ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই এবারের এশিয়া কাপের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
এর আগে নারী এশিয়া কাপের সর্বশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে হেরে ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয়। সেই আক্ষেপ নিয়েই দেশে ফিরতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের।
এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৮ সালে। সেবার ভারতকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ।
এবার ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ফাইনালে খেলার লক্ষ্য পূরণে তাই শুরুটা জয়ে করতে চায় নিগার সুলতানা জ্যোতির দল।
জ/উ