লিওনেল মেসির চার গোলের দুর্দান্ত পারফরম্যান্সে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে ইন্টার মিয়ামি। একই সঙ্গে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার হতাশাও কাটিয়েছে মেসির দল।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মেসিই ছিলেন আলোচনার কেন্দ্রে। এক ফ্রি-কিকে গোল করে রাতের শুরু করেছিলেন আর্জেন্টাইন তারকা, শেষটাও করেছেন আরেকটি ফ্রি-কিক থেকে গোল দিয়ে। এর মাঝে আরও দুটি গোল করার পাশাপাশি সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে একটি গোল করিয়েছেন তিনি।
হ্যাটট্রিক পূরণের পর ধারাভাষ্যকার মেসিকে নিয়ে বলেছিলেন, ‘লিওনেল মেসি যেন বিস্ময়বোধক চিহ্নেরই অন্য নাম।’ কিন্তু সেখানেই থামেননি মেসি। ম্যাচের ইনজুরি সময়ে আরও একটি ফ্রি-কিকে গোল করে নিজের চার গোল পূর্ণ করেন তিনি।
মেসির প্রথম গোল আসে ৪০ মিনিটে। ফ্রি-কিক থেকে নেওয়া তার শট গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ৫২ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে গিয়ে দ্বিতীয় গোল করেন তিনি। এরপর লুইস সুয়ারেজকে দিয়ে একটি গোল করান।
ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে আলতো করে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এরপর যোগ করা সময়ে নেওয়া ফ্রি-কিক থেকে বল জালের কোণায় পাঠিয়ে করেন নিজের চতুর্থ গোল।
এক ম্যাচে চার বা তার বেশি গোল করার ঘটনা মেসির ক্যারিয়ারে এটি অষ্টমবার। ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো এক ম্যাচে চার গোল করলেন তিনি। এর আগে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এক ম্যাচে চার গোল করেছিলেন মেসি। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল স্পেনের ক্লাব এইবার।
মন্ট্রিয়লের বিপক্ষে এই পারফরম্যান্সের পর এমএলএসের গোলদাতাদের তালিকার শীর্ষেও উঠে এসেছেন মেসি। ১৯ ম্যাচে তার গোলসংখ্যা ১৮। তালিকায় তার পরেই রয়েছেন এফসি ডালাসের পিটার মুসা।
জুলাইয়ের ২৫ তারিখের পর এমএলএসে এটি মিয়ামির প্রথম জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে টানা পাঁচ ম্যাচে জয় পায়নি দলটি, যার মধ্যে লিগস কাপের ম্যাচও ছিল।
ম্যাচের আগে মিয়ামির কোচিং পরিস্থিতি নিয়েও ছিল অনিশ্চয়তা। দলের অন্তর্বর্তী কোচ গিয়ের্মো ওয়োস নিষেধাজ্ঞার কারণে মাঠের পাশে থাকতে পারেননি। তার জায়গায় সহকারী কোচ রাফায়েল পেরেজ দল পরিচালনা করেন।
এরই মধ্যে চলতি সপ্তাহে মিয়ামির নতুন স্থায়ী কোচ হিসেবে ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজের নাম ঘোষণা করা হয়েছে। তবে কাজের অনুমতিপত্র না পাওয়ায় তিনি এখনো দলের দায়িত্ব নিতে পারেননি।
মন্ট্রিয়লের বিপক্ষে মিয়ামির হয়ে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোও গোল করেছেন। গ্রীষ্মে ক্লাবটিতে যোগ দেওয়ার পর এটি তার প্রথম গোল। ম্যাচের ৮৯ মিনিটে মিয়ামির হয়ে আরেকটি গোল করেন ১৮ বছর বয়সী আলেকজান্ডার শ।
এই জয়ের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইন্টার মিয়ামি। শীর্ষে রয়েছে ন্যাশভিল এসসি। বিপরীতে মন্ট্রিয়ল রয়েছে ১৪তম স্থানে, অর্থাৎ তালিকার প্রায় শেষ দিকে।
জ/উ