স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-30T09:13:11+06:00
2026-08-30T09:13:11+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
বিশ্বকাপ ফাইনালের সংঘাতে পারাদেসের ১০ ম্যাচ নিষেধাজ্ঞা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৯:১৩ এএম 
বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘাতের ঘটনায় ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিওনেল পারাদেস। ফিফার দেওয়া এই শাস্তিকে ‘অতিরিক্ত’ ও ‘অতিরঞ্জিত’ বলে মন্তব্য করেছেন তিনি। একই ঘটনায় স্পেনের তরুণ তারকা গাভিকে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ করায় প্রশ্নও তুলেছেন পারাদেস।

বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেন শিরোপা নিশ্চিত করে। তবে শেষ বাঁশি বাজার পর মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। পরে ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ফিফার শৃঙ্খলা কমিটি।

সপ্তাহান্তে বোকা জুনিয়র্সের হয়ে ম্যাচ খেলার পর নিজের শাস্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পারাদেস। তার দাবি, সংঘর্ষের সময় স্পেনের তরুণ খেলোয়াড় গাভিই প্রথম তাকে সজোরে ঘুষি মারেন। অথচ গাভির শাস্তি হয়েছে মাত্র এক ম্যাচের।

গোল ডটকমকে পারাদেস বলেন, ‘এই শাস্তি একেবারেই অতিরঞ্জিত মনে হচ্ছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, গাভি আমার বুকে এসে ঘুষি মারল অথচ ও পেয়েছে মাত্র এক ম্যাচের নিষেধাজ্ঞা! তবে ঠিক আছে, যা হওয়ার হয়েছে। এখন আমাদের কাজ হলো শাস্তির বিরুদ্ধে আপিল করা। যারা এই আইনি বিষয়গুলো ভালো বোঝেন, তারা দেখবেন শাস্তি প্রত্যাহার বা কমানো যায় কি না।’

শুধু খেলোয়াড়দের নয়, ঘটনার জেরে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনও (এএফএ)। খেলাধুলাবহির্ভূত আচরণ, মাঠে বিশৃঙ্খলা, সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক স্লোগান এবং নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কারণে এএফএকে ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা।

এ ছাড়া আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচে দর্শকসংখ্যা ৫০ শতাংশে সীমিত রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থাটি। জরিমানার অর্থের মধ্যে ১ লাখ ডলার বর্ণবাদবিরোধী কার্যক্রমে ব্যয়ের নির্দেশও দেওয়া হয়েছে।

বিশ্বকাপ ফাইনালের ঘটনার বিস্তারিত প্রতিবেদন পর্যালোচনার পর অভিযুক্ত অন্য খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধেও শাস্তি ঘোষণা করেছে ফিফা। পারাদেসকে ১০ ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। তার সতীর্থ নাহুয়েল মলিনাকে ৭ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

এ ছাড়া আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদাকে ১ ম্যাচ নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। দলের অফিসিয়াল রবের্তো আয়ালাকে নিষিদ্ধ করা হয়েছে ৩ ম্যাচের জন্য।

অন্যদিকে একই ঘটনায় স্পেনের তরুণ তারকা গাভিকে ১ ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।

ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের হয়ে পরবর্তী ম্যাচগুলোতে এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর হাতে ১০ দিন সময় রয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]