ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি ফেরত না দেওয়া, প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে করা মামলায় অভিযোগগুলোর সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্ত শেষে সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। তবে তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশা আনুম। তিনি প্রতিবেদনটির বিরুদ্ধে নারাজি আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।
মামলার নথি ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মামলাটি করেন আয়েশা আনুম। আদালতের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
বাদীর দাবি, তদন্তের সময় তিনি সাক্ষী, হুমকির অডিও রেকর্ডিংসহ বিভিন্ন প্রমাণ তদন্ত কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। কিন্তু এসব প্রমাণ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দেওয়ায় তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন।
আয়েশা আনুম বলেন, আদালতের নির্দেশে পিবিআই মামলাটি তদন্ত করেছে এবং তিনি সাক্ষী ও হুমকির অডিও রেকর্ডিংসহ সব প্রমাণ দিয়েছেন। এরপরও কোনো কারণ উল্লেখ না করে অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দেওয়া হয়েছে। এ কারণে আইনজীবীর সঙ্গে আলোচনা করে তিনি প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করবেন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় গণমাধ্যমকে জানান, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ওই দিনই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা হবে।
জ/উ