ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর অভিনীত নাটক নিয়মিতই দর্শকদের মধ্যে সাড়া ফেলে। স্ত্রী আফরা ইবনাত ইকরা ও সন্তান রিজিককে নিয়ে চলছিল তার সংসার। তবে গত ফেব্রুয়ারিতে মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার মরদেহ উদ্ধারের পর বদলে যায় অভিনেতার জীবনের গতিপথ।
ইকরার মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জাহের আলভীর বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর আইনি জটিলতায় পড়ে একপর্যায়ে কারাগারেও যেতে হয় তাকে।
সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন এই অভিনেতা। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক রহস্যময় পোস্ট দিচ্ছেন তিনি। এসব পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাত্র দুটি শব্দ লিখে একটি পোস্ট দেন আলভী। সেখানে তিনি লেখেন, ‘বেছে বেছে’। তবে সংক্ষিপ্ত এই বার্তার মাধ্যমে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। ফলে পোস্টটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
এরপর জেলজীবনের অভিজ্ঞতা নিয়েও একটি ভাবনামূলক পোস্ট শেয়ার করেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘জেলখানায় ২টি জিনিস খুব দামী ও দুর্লভ। একটি হচ্ছে হলিউড (সিগারেট), আরেকটি হচ্ছে ঘুম। আর জেলখানায় সবচেয়ে সস্তা ও সহজলভ্য জিনিস হচ্ছে একটি। সেটি হচ্ছে চিন্তা।’
পোস্টের শেষে ‘মধ্যরাতের কবি’ নামে স্বাক্ষর করেন জাহের আলভী। তার এই লেখায় কারাগারের ভেতরের জীবন ও মানসিক অবস্থার একটি ভিন্ন অভিজ্ঞতার ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে ঘুমকে দুর্লভ এবং চিন্তাকে সহজলভ্য বলার বিষয়টি নজর কেড়েছে নেটিজেনদের। যদিও ঠিক কোন অভিজ্ঞতা বা অনুভূতি থেকে তিনি এমন কথা লিখেছেন, তা ব্যাখ্যা করেননি অভিনেতা।
পরপর দেওয়া ‘বেছে বেছে’ ও জেলজীবন নিয়ে এসব পোস্টের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে জাহের আলভীকে ঘিরে আলোচনা আরও বেড়েছে। অনেকেই তার পোস্টের অন্তর্নিহিত অর্থ জানার চেষ্টা করছেন।
তবে শুধু রহস্যময় পোস্টেই নয়, সন্তান রিজিককে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় দেখা যাচ্ছে অভিনেতাকে। সন্তানের সঙ্গে কাটানো বিভিন্ন সুন্দর ও আবেগঘন মুহূর্তের ছবি এবং অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি।
জ/শা