রিয়াল মাদ্রিদের প্রীতি ম্যাচের দিনই ক্রিকেট মাঠে দেখা গেল ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহামকে। শনিবার (২ আগস্ট) এজবাস্টনে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে বার্মিংহাম ফিনিক্স ও ওয়েলশ ফায়ারের নারী ও পুরুষ দলের ম্যাচ উপভোগ করেন তিনি।
বার্মিংহাম ফিনিক্সের সহ-সত্ত্বাধিকারী বেলিংহামের গ্যালারিতে বসে ম্যাচ দেখা, দর্শকদের উদ্দেশে হাত নাড়া এবং ম্যাচ শেষে উসমান তারিকের বলে ব্যাট করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ম্যাচের আগে ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও তাকে পরিচয় করিয়ে দেন।
২৩ বছর বয়সী বেলিংহাম বার্মিংহামেরই সন্তান। বার্মিংহাম সিটি ও বরুসিয়া ডর্টমুন্ড হয়ে বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে আটটি ম্যাচ খেলে সাত গোল করেন বেলিংহাম। ক্রোয়েশিয়া, পানামা, মেক্সিকো ও নরওয়ের বিপক্ষে গোল করার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষেও গোল করেন তিনি। এক বিশ্বকাপে সাত গোল করে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে নতুন রেকর্ডও গড়েন এই মিডফিল্ডার।
জ/উ