রাজধানীর মিরপুরে সোমবার (২ নভেম্বর) সকালেও বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ কারখানায় ফিরে যান শ্রমিকরা।
পুলিশ জানায়, সকালে মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নামার চেষ্টা করেন। তাঁরা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে অগ্রসর হতে চাইলে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাঁদের আটকে দেন। পরে শ্রমিকরা পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়।
একই সময়ে মিরপুর-১০ নম্বর এলাকা থেকেও শ্রমিকদের আরেকটি দল জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশের তৎপরতায় তাদের সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রোজিনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পোশাক শ্রমিকরা সোমবারও সড়কে নামার চেষ্টা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশের কর্মকর্তারা মাঠে রয়েছেন।
তিনি আরও বলেন, ‘শনিবার থেকে শুরু হওয়া শ্রমিক অসন্তোষের জেরে আজ সকালেও শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেছিলেন। তাঁরা মিরপুর-১৪ নম্বর থেকে ১০ নম্বরের দিকে আসার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে শ্রমিকেরা গার্মেন্টসের ভেতরে চলে যান। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
জ/উ