বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন, বেতন-ভাতা বৃদ্ধির দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। অন্যদিকে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
মহাসড়ক অবরোধের ফলে দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।
জ/শা