সীমান্ত সুরক্ষার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদে উদ্যাপন নিশ্চিত করতে দিনাজপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৫৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী শংকরপুর ইউনিয়নের মারগাও ও পাসপুর এলাকার দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ উজ জামান।
এ সময় সাংবাদিকদের তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সেটিই বিজিবির মূল লক্ষ্য।
তিনি বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ফুলবাড়ী ব্যাটালিয়নের পক্ষ থেকে ৯টি বেইজ ক্যাম্প স্থাপন করা হচ্ছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল পরিচালনা করবেন।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার আহ্বান জানান।
ব্যাটালিয়ন অধিনায়ক আরও বলেন, মানব পাচার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সবার সহযোগিতায় একটি নিরাপদ ও আনন্দমুখর শারদীয় দুর্গাপূজা উদ্যাপন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ফুলবাড়ী ব্যাটালিয়নের কর্মকর্তারা, শংকরপুর ইউনিয়নের সদস্য, পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।
জ/উ