কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ ত্যাগ করেছে বাংলাদেশ প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট ভাষণ শুরু করলে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বাংলাদেশের প্রতিনিধিরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলন কক্ষ ত্যাগ করে।
বাকু থেকে পাওয়া তথ্যানুযায়ী, এ সময় আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও ওয়াকআউটে যোগ দেন। ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা, নিরাপত্তা ও পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে আজারবাইজানের রাজধানী বাকুতে সিকার সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন সদস্য দেশগুলোর শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা।
জ/উ