নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. শাকিল ইসলামকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গুরুদাসপুর থানা-পুলিশকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলীয় নেতারা।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজার স্মৃতিগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত পথসভায় হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন নেতারা।
দলীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে চাঁচকৈড় বাজারে দুর্বৃত্তদের হামলায় গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. শাকিল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা।
পথসভায় বক্তব্য দেন গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুজ্জামান সোহাগ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মো. দুলাল সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক এম সময় হাসান, যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম বিপ্লব ও রিপন শিং, পৌর যুবদলের ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন হাসান, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মাসুদ রানা প্রামাণিক এবং সদস্যসচিব মো. আরিফুল ইসলাম রবিউল।
এ ছাড়া বক্তব্য দেন সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য মো. আলিম প্রামাণিক, বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তোহা রহমান ও সদস্য মিহাল রহমান, উপজেলা যুবদলের সদস্য মো. ইসরাফিল শেখ, যুবদল নেতা মো. সেলিম শাহ, উপজেলা বিএনপির সদস্য মো. হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্যসচিব মো. রাঙা মোল্লা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদ এবং ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রুবেল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, প্রকাশ্যে একজন ছাত্রনেতাকে কুপিয়ে জখম করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তাঁরা হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা শাকিল ইসলামের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জ/উ