এশিয়ান গেমসের সফর শেষ করে জাপান থেকে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল। ১২ দলের প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করে টুর্নামেন্ট শেষ করেছে তারা।
গ্রুপ পর্বে বাংলাদেশ চীনের কাছে ১৩-০, মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ ব্যবধানে হারে। এরপর কাজাখস্তানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা। গ্রুপ পর্বের শেষ দিকে চাইনিজ তাইপের কাছে ৩-২ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।
এরপর নবম স্থান নির্ধারণী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা ছিল। পরে শুটআউটে ২-১ ব্যবধানে জয় নিয়ে নবম স্থান নিশ্চিত করে নারী দল।
অন্যদিকে, পুরুষ হকি দল এশিয়ান গেমসে সপ্তম স্থান অর্জন করেছে। গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং জাপানের কাছে ৬-১ ব্যবধানে হারের পর শ্রীলঙ্কাকে ৫-১ এবং ইন্দোনেশিয়াকে ৩-১ ব্যবধানে হারায় বাংলাদেশ।
তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে ১০-০ ব্যবধানে হেরে যায় পুরুষ দল। পরে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ।
জ/উ