কক্সবাজারের মহেশখালী পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর পরোয়ানাভুক্ত ও ২৬টি মামলার পলাতক আসামি নবী হোসাইন প্রকাশ নইব্বা ডাকাতকে (৪৫) গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে মহেশখালী পৌরসভাধীন ডাকবাংলোর সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবী হোসাইন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত নইব্বা ডাকাত একজন চিহ্নিত ও কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানা ছাড়াও ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ এবং অস্ত্র আইনসহ বিভিন্ন গুরুতর অপরাধে মোট ২৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে থেকে এলাকা ও আশপাশের অঞ্চলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জ/রা