দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। আর এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭ হাজার ৩৬৭ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্যে এসব তথ্য জানানো হয়।
ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০৫ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৯ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৮০ জন, ময়মনসিংহ বিভাগে ১১৩ জন, রাজশাহী বিভাগে ১৫৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
জ/উ