বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে হাজারো রোগী চিকিৎসা নিতে আসেন, সেসব হাসপাতালে বরাদ্দ বাড়ানো হচ্ছে।
কিডনি ডায়ালাইসিস সেবা প্রসঙ্গে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে। পাশাপাশি দেশের চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ২১ বছর পর এই হাসপাতালে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হলো। সম্প্রসারণের অংশ হিসেবে নতুন ৪০টি আইসিইউ বেড যুক্ত করা হয়েছে।
জ/উ