মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এর আগে নিউইয়র্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও সাক্ষাতে অংশ নেন প্রধানমন্ত্রী। তিনি ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিষয়টি দ্বিপক্ষীয় বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, উভয় পক্ষের জন্য সুবিধাজনক সময়ে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে দুই নেতার বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে।
জ/উ