বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনের সময় শহীদ এবং গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনের ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন শহীদ পরিবারের সদস্যদের হাতে ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেন। বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহীদ এবং গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে এসব বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
আইএসপিআর জানায়, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে এবং সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএস এলাকায় দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এর মধ্য থেকে সংশ্লিষ্ট পরিবারগুলোর অনুকূলে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বরাদ্দগ্রহীতাদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনের সময় প্রাণ বিসর্জন দেওয়া অথবা গুরুতর আহত সামরিক বাহিনীর সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
জ/উ