সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি। জামায়াতে ইসলামী এ বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে। তবে আইন অনুযায়ী সংসদ থেকে চিঠি না এলে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী এ বিষয়ে চিঠি দিয়েছিল। কিন্তু আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে আমাদের কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) রহস্যজনক মৃত্যুর ঘটনায় রোববার ফের আলোচনায় আসেন এই সংসদ সদস্য।
এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনায় আসেন গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সংসদ ও নির্বাচন কমিশনে চিঠি দেয় দলটি।
জ/উ