রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-ঢাকা অঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কোচে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, আগুনে হাওর এক্সপ্রেসের একটি কোচ পুড়ে গেছে। আগুন খুব দ্রুত পুরো কোচে ছড়িয়ে পড়ার আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে এতে পেট্রোল বা গানপাউডার ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তদন্ত কমিটি আগুন লাগার কারণ, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে-এসব বিষয় খতিয়ে দেখে প্রতিবেদন দেবে।
জ/উ