হরমুজ প্রণালিতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গতকাল শুক্রবারের এ ঘটনায় জাহাজটির নাবিকরা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। খবর বার্তা সংস্থা এএফপির।
সমুদ্রপথ পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, একটি জাহাজের প্রধান নিরাপত্তা কর্মকর্তার (সিএসও) কাছ থেকে তারা ট্যাংকারে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানার খবর পেয়েছে। ওই আঘাতের পর জাহাজটিতে আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।
ইউকেএমটিও আরও জানিয়েছে, ট্যাংকারের নাবিকদের সবাই নিরাপদে আছেন। তবে এ ঘটনার কারণে সামুদ্রিক পরিবেশে কোনো ধরনের প্রভাব পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে আলাদা এক বিবৃতিতে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ইরনা জানিয়েছে, টোগোর পতাকাবাহী ‘ট্রেন্ড’ নামের ট্যাংকারটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আগুন লাগার পর জাহাজটিকে আটকও করা হয়েছে। ইরানের অভিযোগ, ট্যাংকারটি ‘অবৈধভাবে’ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও ফি আদায় নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ট্যাংকারে আগুন ও আটকের এ ঘটনা ঘটল। সূত্র: আরব নিউজ
জ/উ