ফিলিস্তিনে নির্যাতনের শিকার মানুষের পাশে বাংলাদেশ সবসময় থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
বৈঠকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে ফিলিস্তিনের মুক্তিকামী জনগণ ও তাদের ন্যায্য অধিকারের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অটল ও সুদৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেন। অধিকৃত পশ্চিম তীরের ‘ই-ওয়ান’ এলাকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র সমালোচনা করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সম্পূর্ণ পরিপন্থী।
বৈঠকে গাজার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই পক্ষ। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ফিলিস্তিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।
জ/উ