দেশব্যাপী সার সংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়ে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এ কমিটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করবে। একই সঙ্গে এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে।
জ/শা