জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-24T15:58:37+06:00
2026-08-24T15:58:37+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
রাজনীতি
বর্তমান সরকারও ফ্যাসিবাদী রাস্তায় হাঁটা শুরু করেছে: জামায়াত আমির
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৫৮ পিএম 
গতকাল রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ এত অপকর্ম করেছে যে, দেশের ভেতরে স্থির থাকতে পারেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, দুনিয়ার ইতিহাস হলো একবার যারা অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না। 

সিরাতুন্নবী উপলক্ষে রাসুল (সা.) এর নীতি ও আদর্শ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি। দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী করা হয়।

১৫ বছরে ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথ ধরে হাঁটা শুরু করেছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে ধারণা করা হয়েছিল যুগ যুগ ধরে জমা ফ্যাসিবাদের আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আবর্জনা পরিষ্কার হয়নি; বরং আরও বেড়েছে। ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যায় না। এটা সংক্রামক ব্যাধি। এ ভাইরাস যার ওপর ভর করবে, সে-ই ফ্যাসিবাদী হয়ে উঠবে। কিন্তু ফ্যাসিবাদের রাস্তায় বাংলাদেশের মানুষ আর কাউকে চলতে দেবে না। ফ্যাসিবাদের এ রাস্তা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালে যেই মানুষগুলো জেগে উঠেছে, তারা সবাই মরে যায়নি। অন্যায়ের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের মানুষ বারবার গর্জে উঠবে। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত জনগণের অধিকার আদায়ের লড়াই চলবে।

জুলাই জাদুঘর ‘পতিত সরকারের ডামি রূপ’ উল্লেখ করে তিনি বলেন, বাস্তবে তার চেয়ে বহুগুণ বেশি জুলুম জাতির ওপর করা হয়েছে। বিশেষ একটি দেশকে খুশি করতে ওই জুলুমের অনেক তথ্য এখান থেকে গায়েব করা হয়েছে। অনেক নির্যাতিত মানুষের স্মৃতিচিহ্ন ও ছবি জাদুঘরে ছিল। একটি নির্দিষ্ট দলের স্মৃতি রেখে বাকিগুলো গায়েব করে ফেলা হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি ও উপাদান গায়েব করে দেওয়া হয়েছে। সীমান্তে ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার সেই বর্বরোচিত ছবি জুলাই জাদুঘর থেকে গায়েব করে দেওয়া হয়েছে।

সবাইকে জুলাই জাদুঘর দেখার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ক্ষমতায় এসে সবাই বলে ইতিহাস বিকৃত করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস হলো, সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। এ অপকর্ম থেকে কেউ বেরোতে পারেনি।

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করে বলেন, ছাত্র-জনতার বিপ্লবকে যেন কেউ ‘ফাইনাল যুদ্ধ’ বলে মনে না করে। এ আন্দোলন ছিল শুধুই একটি ‘রিহার্সেল’। চব্বিশের জেগে ওঠা মুক্তিকামী মানুষ মরেনি, তারা এখনো সজাগ দৃষ্টিতে দেশের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

জাতীয় সিরাত উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আ ন ম রফিকুর রহমান মাদানীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শামসুল আলম প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম আবদুল কাদের ও স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুল মান্নান।


জ/বা




  বিষয়:   রাজনীতি  জামায়াতে ইসলামী  জামায়াত আমির 



Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]